sangser-02
sangser-homestay
জন
Type বিদেশী দর্শনীয় স্থান
Reading Time ২ মিনিটস

সাংসের (Sangser) কালিম্পং এর ৩৯টি গ্রামের মধ্যে একটি এবং কালিম্পং থেকে মাত্র ১৪ কিমি দূরে অবস্থিত। রংপো যাওয়ার পথে সবুজ পাহাড়ে ঘেরা এক ছোট্ট পাহাড়ী হ্যামলেট – সাংসের। ন্যাওড়া ভ্যালি ন্যাশানাল পার্কের আভ্যন্তরীণ ডেলো পাহাড়ে ঘেরা সাংসের খাসমহল প্রকৃতির এক অনন্য সৃষ্টি। ইট-কাঠ-পাথরের জঙ্গলে দৈনন্দিন একঘেয়ে কর্মজীবনে যারা ক্লান্ত, তাদের জন্য টি এস এলিয়টের ভাষায় এ যেন এক প্রকৃত “এসকেপ ফ্রম রিয়েলিটি”। ঘন সবুজ প্রকৃতির লুকোনো এই ঠিকানা আপনার একঘেয়ে জীবনের ক্লান্তি কাটানোর এক আদর্শ ডেস্টিনেশন হতে পারে। দুদিনের ছুটিতে যারা কাছে-পিঠে পাহাড়ী অফবিটের (Offbeat) সন্ধান খুঁজছেন তারা আসতেই পারেন সাংসেরে।

সাংসের এর দর্শনীয় স্থানগুলো

একদিকে সুন্দরী তিস্তার আনমনে বয়ে যাওয়া আর অন্যদিকে কাঞ্চনজঙ্ঘাকে যেন হাত দিয়ে ছুয়ে ফেলা যায় সাংসের থেকে। সবমিলিয়ে প্রকৃতি তার সব উজার করে অভ্যর্থনা করবে আপনাকে। ছোট্ট গ্রামটিতে জনসংখ্যা খুবই কম, হোমস্টেও খুব বেশি নেই। হোটেল বা রিসর্টের আতিশয্য না পেলেও হোমস্টেতে পাবেন ঘরের মানুষের মতো আতিথিয়তা। এখান থেকে খুব কাছেই কালিম্পং শহর। মাত্র ১৪ কিমি দূরে হওয়ায় দিনে দিনে কালিম্পং থেকে ঘুরে আসতে পারেন। দূরপীন, ডেলো, রামিতে ভিউ পয়েন্ট, হনুমান টক প্রভৃতি স্থান খুব কাছেই। এগুলোও ঘুরে আসা যায়। লাভালোলেগাও, রিশপ, কোলাখাম, ইচ্ছেগাঁও, সিলেরিগাও প্রভৃতি সাংসের থেকে ঘুরে আসা যায়। যারা পাখি ভালোবাসেন, নানা পাখির খোঁজ করেন হিমালয়ের আনাচে কানাচে তাদের জন্য এক কথায় স্বর্গীয় এক ঠিকানা সাংসের। প্যাকেজ ট্রিপের দৌড়াদৌড়ি, তথাকথিত টুরিস্ট স্পটের ভীড় এড়িয়ে তাই আপনার আস্তানা হোক সাংসের।

দিনের আলোয় হোমস্টেতে বসে রোদ পোহানোর বাহানায় প্রকৃতির অপার সৌন্দর্য ও পাহাড়ের মৌন মাহাত্ম্য উপভোগ করতে করতে সন্ধে নেমে আসলেই অনুভব করা যাবে জানা প্রকৃতির মধ্যে এক অজানা রহস্যময়তা যাতে উৎসাহ জোগাবে শিয়ালের শিহরণ জাগানো ডাক। এভাবেই পাহাড়ের কোলে প্রকৃতি ও নিজের সাথে কথোপকথনে কেটে যাবে গোটা দিন। দূরের কাঞ্চনজঙ্ঘাকে কাছে পাওয়া আর অবিরাম ছুটে চলা তিস্তার বয়ে যাওয়া নিয়েই সাংসের।

কিভাবে যাবেন

শিলিগুড়ি থেকে ট্যাক্সি করে কিংবা কালিম্পং/দার্জিলিং থেকে ট্যাক্সি করে যাওয়া যায়। নিউ জলপাইগুড়ি থেকে সাংসের এর দূরত্ব ৮৫ কিমি। গাড়ীতে সময় লাগে ঘন্টা তিনেক। গাড়ী ভাড়া ৩০০০-৩৫০০/- টাকা।

কোথায় থাকবেন

সাংসের (Sangser) এ থাকার জন্যে হোম স্টে এর ব্যবস্থা আছে। এগুলোতে থাকা খাওয়া সহকারে ভাড়া পড়ে ১০০০-১৫০০ রুপী।

কে কে হোম স্টে (K.K Home Stay) – এখানে থাকতে গেলে যোগাযোগ করুণ রাই সেরিফ – ০৮৯০৬১০৩৭০০। আর গাড়ির জন্য যোগাযোগ করুণ মনিকুমার – ০৯৬৩৫৮৩৬৫৩৫

কালিম্পং থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত আছে সাংসের টুরিস্ট বাংলো, যেখানে ট্রিপল বেডের রুম আছে।

গন্তব্য

Sangser Forest, West Bengal, India

পথ ও দিকনির্দেশ দেখতে ম্যাপ খুলুন।

গুগল ম্যাপে দেখুন