ziarat-pakistan
prospect-point-ziarat

কোয়েটা ও জিয়ারত

০
জন
ধরন বিদেশী দর্শনীয় স্থান
অবস্থান পাকিস্তান
পড়ার সময় ১০ মিনিটস

পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটা (Quetta) এবং তার কাছাকাছি পাহাড়ি শহর জিয়ারত (Ziarat) — দুটি নাম যা পাকিস্তানের পর্যটন মানচিত্রে ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৬৮০ মিটার উচ্চতায় অবস্থিত কোয়েটাকে বলা হয় “পাকিস্তানের ফলের বাগান”। আর কোয়েটা থেকে মাত্র ৯৯ কিলোমিটার দূরে অবস্থিত জিয়ারত পরিচিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জুনিপার বনের জন্য — যেখানে কিছু গাছের বয়স ৫,০০০ থেকে ৭,০০০ বছর। পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর শেষ জীবনের আবাসস্থলও এখানেই। যারা উত্তর পাকিস্তানের বাইরে ভিন্ন একটি পাকিস্তান দেখতে চান — ভিন্ন ইতিহাস, ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন প্রকৃতি — তাদের জন্য কোয়েটা ও জিয়ারত এক অসাধারণ গন্তব্য।

নিরাপত্তা ও অনুমতিপত্র

বেলুচিস্তান পাকিস্তানের অন্যান্য পর্যটন অঞ্চলের মতো নয়। এখানে আসার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা অপরিহার্য।

বিদেশি পর্যটকদের জন্য NOC বাধ্যতামূলক

হুনজা বা সকরদুর মতো বেলুচিস্তানে বিদেশি পর্যটকরা স্বাধীনভাবে ভ্রমণ করতে পারেন না। কোয়েটায় পৌঁছানোর আগেই পাকিস্তান সরকারের Ministry of Interior থেকে No Objection Certificate (NOC) নিতে হবে। এই প্রক্রিয়া সাধারণত ৪ থেকে ৮ সপ্তাহ সময় নেয় এবং একটি নিবন্ধিত ট্যুর অপারেটরের মাধ্যমে আবেদন করলে অনেক সহজ হয়। এছাড়াও প্রাদেশিক সরকার বিদেশি পর্যটকদের জন্য সশস্ত্র নিরাপত্তা এসকর্ট বাধ্যতামূলক করেছে — অর্থাৎ ভ্রমণের সময় সরকারি নিরাপত্তাকর্মী সাথে থাকবেন।

নিবন্ধিত ট্যুর অপারেটরের মাধ্যমে যান

বেলুচিস্তান ভ্রমণের সবচেয়ে নিরাপদ ও ইফেক্টিফ ওয়ে হলো একটি নিবন্ধিত পাকিস্তানি ট্যুর অপারেটরের মাধ্যমে প্যাকেজ বুক করা। তারাই NOC প্রসেস করবে, এসকর্ট ব্যবস্থা করবে এবং পথের প্রতিটি চেকপোস্টে প্রয়োজনীয় সহায়তা দেবে। নিরাপত্তার কথা চিন্তা করলে আমরা বলবো ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে (solo/independent) ভ্রমণ এই অঞ্চলে একদমই উচিত হবে না।

পাকিস্তান ভিসা ও ভ্রমণ প্রস্তুতি

পাকিস্তানের ই-ভিসা প্রক্রিয়া, ঢাকা থেকে ফ্লাইট রুট, কারেন্সি, সিম কার্ড এবং সাধারণ ভ্রমণ টিপস সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের মূল গাইড পড়ুন: [পাকিস্তান ট্রাভেল গাইড — বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ প্রস্তুতি]

বাংলাদেশ থেকে কোয়েটা কিভাবে যাবেন

ঢাকা থেকে সরাসরি ফ্লাইট (করাচি হয়ে)

প্রায় ১৪ বছর পর ২৯ জানুয়ারি ২০২৬ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট (BG341/BG342) চালু করেছে। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট (বৃহস্পতি ও শনিবার) চলছে এবং যাত্রায় প্রায় ৪ ঘণ্টা লাগে। ঢাকা থেকে কোয়েটায় কোনো সরাসরি ফ্লাইট নেই, তবে এই রুটে করাচি হয়ে যাওয়াই সবচেয়ে সহজ: করাচি থেকে কোয়েটায় অভ্যন্তরীণ ফ্লাইটে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট, অথবা কোচে ৯–১০ ঘণ্টা (নিচে বিস্তারিত)। ঢাকা–করাচি আর অভ্যন্তরীণ ফ্লাইট আলাদা টিকিটে কাটলে মাঝে যথেষ্ট সময় রাখুন; বিমানের ফ্লাইট করাচিতে রাতে পৌঁছায়, তাই প্রথম রাতটা করাচিতে থাকার পরিকল্পনা করাই ভালো।

মধ্যপ্রাচ্য হয়ে ইসলামাবাদ বা করাচি (ট্রানজিট ফ্লাইট)

ঢাকা থেকে সরাসরি কোয়েটার কোনো ফ্লাইট নেই। প্রথমে ইসলামাবাদ বা করাচি পৌঁছাতে হবে, তারপর সেখান থেকে কোয়েটা।

ইসলামাবাদ বা করাচি থেকে কোয়েটা

বিমানে: ইসলামাবাদ, করাচি ও লাহোর থেকে কোয়েটা বিমানবন্দরে (UET) PIA ও অন্যান্য এয়ারলাইনের নিয়মিত ফ্লাইট আছে। ইসলামাবাদ থেকে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট, করাচি থেকে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট।

বাসে: করাচি থেকে Daewoo বা লাক্সারি কোচে কোয়েটা যাওয়া যায়। সময় লাগে ৯ থেকে ১০ ঘণ্টা। লম্বা ভ্রমন কিন্তু সাশ্রয়ী।

ট্রেনে: করাচি, লাহোর ও পেশোয়ার থেকে ট্রেন সংযোগ আছে। সময় বেশি লাগলেও ভ্রমনটা দারুন।

কোয়েটা থেকে জিয়ারত

কোয়েটা শহর থেকে জিয়ারতের দূরত্ব প্রায় ৯৯ কিলোমিটার, সময় লাগে দেড় থেকে ২ ঘণ্টা। প্রাইভেট ট্যাক্সি বা গাড়ি ভাড়া করে যাওয়াই সবচেয়ে সুবিধাজনক (PKR ৩,০০০–৬,০০০ ওয়ান ওয়ে)। শীতকালে তুষারপাতের সময় 4×4 জিপ নিয়ে যাওয়া নিরাপদ।

কোয়েটা ও জিয়ারতে ভ্রমণের সেরা সময়

  • বসন্ত ও গ্রীষ্মকাল — মার্চ থেকে অক্টোবর: এটি কোয়েটা ও জিয়ারত ভ্রমণের সেরা সময়। তাপমাত্রা ১৫ থেকে ২৮ ডিগ্রির মধ্যে থাকে। উরাক ভ্যালিতে আপেল, পিচ, চেরি ও ডালিমের বাগান সবুজে ভরা থাকে এবং জুনিপার বনে হাইকিং করার আদর্শ আবহাওয়া পাওয়া যায়। মে থেকে জুলাই ফুলে ফলে পূর্ণ থাকে পুরো এলাকা।
  • শীতকাল — নভেম্বর থেকে ফেব্রুয়ারি: জিয়ারতে শীতকালে ভারী তুষারপাত হয় এবং পুরো পাহাড় সাদা হয়ে যায়। এই তুষারের দৃশ্য দেখতে পাকিস্তানের অভ্যন্তরীণ পর্যটকরা বিশেষভাবে আসেন। তবে তাপমাত্রা মাঝেমাঝে শূন্যের নিচে নেমে যায় এবং কিছু পথ বন্ধ থাকে। ভারী শীতের পোশাক আবশ্যক।

বাংলাদেশিদের জন্য সেরা সময়: মে–জুন এবং সেপ্টেম্বর–অক্টোবর — আবহাওয়া সবচেয়ে মনোরম এবং সব দর্শনীয় স্থান খোলা থাকে।

কোয়েটার সেরা দর্শনীয় স্থান

হান্না লেক (Hanna Lake)

কোয়েটা শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার পূর্বে অবস্থিত এই ফিরোজা রঙের জলাধারটি শহরের সবচেয়ে জনপ্রিয় পিকনিক স্পট। রুক্ষ পাহাড়ে ঘেরা এই লেকে বোটিং করা যায় এবং মাঝখানে একটি ছোট দ্বীপে যাওয়ার জন্য কাঠের সেতু আছে। সন্ধ্যায় আলোকসজ্জিত ফোয়ারা এই লেককে আরও সুন্দর করে তোলে।

উরাক ভ্যালি (Urak Valley)

হান্না লেক পেরিয়ে আরেকটু গেলে পাওয়া যায় উরাক ভ্যালি। “বাগানের দেশ” নামে পরিচিত এই উপত্যকায় হাজার হাজার আপেল, পিচ, চেরি, আঙুর ও ডালিমের বাগান আছে। পথের দুই পাশে বুনো গোলাপের ঝাড় এই যাত্রাকে অসাধারণ করে তোলে। ফলের মৌসুমে (জুলাই-সেপ্টেম্বর) এখানে তাজা ফল কিনতে পাওয়া যায় অত্যন্ত কম দামে।

হাজারগাঞ্জি-চিলতান জাতীয় উদ্যান (Hazarganji-Chiltan National Park)

কোয়েটা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই জাতীয় উদ্যানটি মূলত পাকিস্তানের জাতীয় পশু বিপন্ন চিলতান মারখোর রক্ষার জন্য প্রতিষ্ঠিত। বন্যপ্রাণী প্রেমী ও হাইকারদের জন্য এটি আদর্শ গন্তব্য।

কোয়েটার বাজার — লিয়াকাত বাজার

শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লিয়াকাত বাজার হলো কোয়েটার সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্র। এখানে পাওয়া যায় ঐতিহ্যবাহী বালোচি এমব্রয়ডারি করা পোশাক, হস্তনির্মিত কার্পেট, রুপোর গহনা এবং পাকিস্তানের সেরা মানের শুকনো ফল ও বাদাম। সূরজ গঞ্জ বাজারে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দেখলে চোখ জুড়িয়ে যায়।

পিশিন ভ্যালি (Pishin Valley)

কোয়েটা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত পিশিন ভ্যালি একটি উর্বর ও সবুজ সমতলভূমি। এখানে স্থানীয় কৃষিসংস্কৃতি দেখার এবং গ্রামীণ বেলুচিস্তানের আসল রূপ অনুভব করার সুযোগ পাওয়া যায়।

জিয়ারতের সেরা দর্শনীয় স্থান

কায়েদে আজম রেসিডেন্সি (Quaid-e-Azam Residency)

জিয়ারতের সবচেয়ে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান এটি। এই সুন্দর কাঠের কটেজটি পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর জীবনের শেষ দিনগুলোর আবাসস্থল। সবুজ লন ও পাইন গাছের মাঝে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক ভবনটি এখন একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। পাকিস্তানের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামে আগ্রহীদের জন্য এটি অবশ্যদ্রষ্টব্য।

প্রাচীন জুনিপার বন (Ancient Juniper Forest)

জিয়ারতের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ হলো এর হাজার বছরের পুরনো জুনিপার বন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই জুনিপার বনের কিছু গাছের বয়স ৫,০০০ থেকে ৭,০০০ বছর বলে ধারণা করা হয়। এই প্রাচীন বনের মধ্যে দিয়ে হাইকিং করার অনুভূতি এক কথায় অবর্ণনীয়। ভোরবেলায় কুয়াশায় ঢাকা এই বনের দৃশ্য যেন অন্য কোনো জগত থেকে এসেছে।

প্রসপেক্ট পয়েন্ট (Prospect Point)

জিয়ারত শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে ২,৭১৩ মিটার উচ্চতায় অবস্থিত প্রসপেক্ট পয়েন্ট সমগ্র অঞ্চলের সেরা প্যানোরামিক ভিউপয়েন্ট। এখান থেকে নিচে কোশকি ভ্যালি এবং দূরে খিলাফত পাহাড়ের চূড়া (১১,৪০০ ফুট) দেখা যায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য অসাধারণ।

সান্দেমান তানগি ও প্রাকৃতিক গিরিখাত

বেলুচিস্তান তার প্রাকৃতিক ঝর্ণা ও পাথর কেটে তৈরি গিরিখাতের (তানগি) জন্যও বিখ্যাত। সান্দেমান তানগি হলো একটি লুকানো গিরিখাত যেখানে প্রাকৃতিক ঝর্ণা ও ঝর্ণার ধারা পাথর ভেদ করে বয়ে চলে — ট্রেকারদের জন্য আদর্শ। এছাড়া ফারান তানগি ও চুতাইর তানগি পিকনিক স্পট হিসেবে জনপ্রিয়।

জারজারি পিকনিক স্পট ও স্থানীয় মাজার

জারজারি হলো একটি পাহাড়ের ধারে অবস্থিত সুন্দর পিকনিক স্পট, যেখান থেকে জুনিপার বন ও আশেপাশের উপত্যকার বিস্তৃত দৃশ্য দেখা যায়। জিয়ারত থেকে ৮ কিলোমিটার দূরে বাবা খারওয়ারির মাজার এবং শহরের কাছেই নাউ গাজা বাবার মাজার স্থানীয় সংস্কৃতি বোঝার জন্য উল্লেখযোগ্য।

কোথায় থাকবেন

কোয়েটায় থাকবার খোঁজ

লাক্সারি (প্রতি রাত PKR ২৮,০০০–৩৪,০০০+): Quetta Serena Hotel কোয়েটার সেরা লাক্সারি হোটেল। সুইমিং পুল, টেনিস কোর্ট ও উচ্চমানের রেস্তোরাঁ সহ এটি শহরের প্রিমিয়াম ঠিকানা।

মিড-রেঞ্জ (প্রতি রাত PKR ২০,০০০–২৮,০০০): Best Western DHA Hanna Mall আধুনিক সুবিধাসহ মিড-রেঞ্জ বাজেটের জন্য ভালো বিকল্প।

বাজেট (প্রতি রাত PKR ৪,৫০০–৮,৫০০): Grand Hotel Quetta, White Hotel এবং Bloom Star Hotel পরিষ্কার ও পরিবারবান্ধব রুম অফার করে সাশ্রয়ী মূল্যে।

জিয়ারতে থাকবার খোঁজ

জিয়ারতের হোটেলগুলো বেশিরভাগ ইকো-ক্যাম্প বা কাঠের গেস্ট হাউস ধরনের — যা জুনিপার বনের সাথে মিশে থাকে। Shalimar Hotel, Ziarat Hotel এবং Misty Peak Resort এখানে জনপ্রিয় বিকল্প। প্রতি রাতের খরচ সাধারণত PKR ৪,০০০–১০,০০০ এর মধ্যে।

কোয়েটা ও জিয়ারতে কি খাবেন

বেলুচিস্তানের রান্না পাকিস্তানের অন্যতম সেরা — সরল উপকরণে অসাধারণ স্বাদ।

  1. বালোচি সাজ্জি (Balochi Sajji): লম্বা শিকে ঝুলিয়ে ধীরে আগুনে পোড়ানো পুরো মুরগি বা মটন — বেলুচিস্তানের সবচেয়ে বিখ্যাত খাবার, এটি না খেলে ভ্রমণ অসম্পূর্ণ থাকবে
  2. রোশ (Rosh): মটন দিয়ে ধীরে রান্না করা ঘন ঝোল, শীতের সন্ধ্যায় উষ্ণতার অনুভূতি দেয়
  3. খাদ্দি কাবাব (Khaddi Kebab): মাটির নিচে গর্তে রান্না করা এক ধরনের কাবাব যা বেলুচিস্তানের বিশেষত্ব
  4. তাজা ও শুকনো ফল: উরাক ভ্যালির তাজা আপেল ও চেরি এবং সূরজ গঞ্জ বাজারের ড্রাই ফ্রুটস অবশ্যই কিনুন
  5. বালোচি রুটি ও দেশী ঘি: স্থানীয় মাটির চুলায় তৈরি রুটি দেশী ঘি দিয়ে খাওয়ার অভিজ্ঞতা ভোলার নয়

দৈনিক খাবার খরচ বাজেটে PKR ১,৫০০–৩,০০০ এর মধ্যে রাখা সম্ভব।

৫ দিনের সম্ভাব্য ট্যুর প্ল্যান

  • দিন ১: ঢাকা থেকে বিমানের সরাসরি ফ্লাইটে করাচি, তারপর অভ্যন্তরীণ ফ্লাইটে কোয়েটা। পৌঁছে বিশ্রাম।
  • দিন ২: করাচি বা ইসলামাবাদ থেকে কোয়েটা ফ্লাইট। বিকেলে হান্না লেক ও উরাক ভ্যালি।
  • দিন ৩: সকালে হাজারগাঞ্জি-চিলতান জাতীয় উদ্যান, বিকেলে পিশিন ভ্যালি, সন্ধ্যায় লিয়াকাত বাজারে কেনাকাটা।
  • দিন ৪: সকালে কোয়েটা থেকে জিয়ারত রওনা। কায়েদে আজম রেসিডেন্সি, প্রাচীন জুনিপার বনে হাইকিং, প্রসপেক্ট পয়েন্ট থেকে সূর্যাস্ত দেখা। জিয়ারতে রাত্রিযাপন।
  • দিন ৫: সান্দেমান তানগি, জারজারি পিকনিক স্পট, স্থানীয় বাজার। বিকেলে কোয়েটা ফিরে রাতের ফ্লাইটে করাচি, তারপর বিমানের সরাসরি ফ্লাইটে ঢাকা ফেরত। বিমানের করাচি–ঢাকা ফ্লাইট সপ্তাহে দুই দিন (বৃহস্পতি ও শনিবার), তাই ট্যুরের তারিখ সেই অনুযায়ী ঠিক করুন এবং অভ্যন্তরীণ ফ্লাইটের পর হাতে কয়েক ঘণ্টা সময় রাখুন।

গুরুত্বপূর্ণ ট্রাভেল টিপস — বেলুচিস্তানের জন্য বিশেষভাবে

  • সব কাগজপত্র সবসময় সাথে রাখুন। বেলুচিস্তানে একাধিক সামরিক ও পুলিশ চেকপোস্ট আছে। পাসপোর্ট, পাকিস্তানি ভিসা ও NOC-এর মূল কপি এবং একাধিক ফটোকপি সহজেই নাগালে রাখুন। চেকপোস্টে সহযোগিতামূলক মনোভাব দেখান।
  • ছবি তোলার আগে সতর্ক থাকুন। সামরিক স্থাপনা, সেনাবাহিনীর গাড়ি বা চেকপোস্টের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। এই নিয়ম মেনে চলুন।
  • ট্যুর অপারেটর থেকে আলাদা হবেন না। ট্যুর অপারেটর যে রুট ও সময়সূচি নির্ধারণ করেছে তার বাইরে একা কোথাও যাবেন না। নিরাপত্তা এসকর্ট সবসময় সাথে রাখুন।
  • নগদ টাকা পর্যাপ্ত পরিমাণে রাখুন। কোয়েটা শহরে ATM পাওয়া যায় তবে জিয়ারত বা দূরবর্তী এলাকায় কার্ড ও ATM প্রায়ই কাজ করে না। কোয়েটা থেকেই পর্যাপ্ত নগদ রুপি নিয়ে যান।
  • লেয়ারে পোশাক প্যাক করুন। গ্রীষ্মেও সন্ধ্যায় জিয়ারতে ঠান্ডা পড়ে এবং শীতে তাপমাত্রা শূন্যের নিচে নামে। ভালো মানের উইন্ডব্রেকার বা জ্যাকেট সবসময় সাথে রাখুন। শীতকালে ভ্রমণ করলে হেভি থার্মাল পোশাক আবশ্যক।
  • পোশাকে রক্ষণশীলতা মেনে চলুন। বেলুচিস্তান একটি রক্ষণশীল অঞ্চল। মহিলা ও পুরুষ উভয়ের জন্যই শালীন পোশাক পরা অপরিহার্য। ঐতিহ্যবাহী সালোয়ার কামিজ পরলে স্থানীয়রা আরও বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠেন।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

কোয়েটা ও জিয়ারত ভ্রমণে কত দিন লাগে?

কোয়েটার মূল আকর্ষণ দেখতে ২ দিন এবং জিয়ারত সহ মোট ৪ থেকে ৫ দিন যথেষ্ট। তবে আরামে সব জায়গা ঘুরতে চাইলে ৬–৭ দিনের পরিকল্পনা করুন।

বেলুচিস্তানে কি একা ভ্রমণ করা যায়?

বিদেশি পর্যটকদের জন্য স্বাধীন একক ভ্রমণ ব্যবহারিকভাবে সম্ভব নয়। NOC এবং বাধ্যতামূলক সশস্ত্র এসকর্টের কারণে লাইসেন্সধারী ট্যুর অপারেটরের মাধ্যমে যাওয়াই সঠিক পথ।

NOC পেতে কতদিন সময় লাগে?

NOC পেতে কতদিন সময় লাগে? সাধারণত ৪ থেকে ৮ সপ্তাহ। ভ্রমণের কমপক্ষে ২ মাস আগে আবেদন প্রক্রিয়া শুরু করুন। নিবন্ধিত ট্যুর অপারেটরের মাধ্যমে আবেদন করলে প্রক্রিয়াটি অনেক সহজ হয়।

কোয়েটা থেকে জিয়ারত যাওয়ার রাস্তা কেমন?

কোয়েটা-জিয়ারত সড়কটি সাধারণত ভালো পাকা রাস্তা। তবে শীতকালে তুষারপাতের পর পথ পিচ্ছিল হয়ে যায়, তখন 4×4 গাড়ি নেওয়া নিরাপদ।

কোয়েটায় কি বাংলাদেশ হাই কমিশনের সহায়তা পাওয়া যাবে?

বাংলাদেশের হাই কমিশন ইসলামাবাদে অবস্থিত। যেকোনো জরুরি পরিস্থিতিতে তাদের সাথে যোগাযোগ করুন — তাই ইসলামাবাদ হাই কমিশনের নম্বর ও ঠিকানা আগে থেকে সেভ করে রাখুন।

গন্তব্য

Ziarat, Balochistan, Pakistan

পথ ও দিকনির্দেশ দেখতে ম্যাপ খুলুন।

গুগল ম্যাপে দেখুন

ADAR BEPARI / TRAVEL WEAR

ভ্রমণের গল্প থাকুক পোশাকেও।

সব টি-শার্ট দেখুন