পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটা (Quetta) এবং তার কাছাকাছি পাহাড়ি শহর জিয়ারত (Ziarat) — দুটি নাম যা পাকিস্তানের পর্যটন মানচিত্রে ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৬৮০ মিটার উচ্চতায় অবস্থিত কোয়েটাকে বলা হয় “পাকিস্তানের ফলের বাগান”। আর কোয়েটা থেকে মাত্র ৯৯ কিলোমিটার দূরে অবস্থিত জিয়ারত পরিচিত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জুনিপার বনের জন্য — যেখানে কিছু গাছের বয়স ৫,০০০ থেকে ৭,০০০ বছর। পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর শেষ জীবনের আবাসস্থলও এখানেই। যারা উত্তর পাকিস্তানের বাইরে ভিন্ন একটি পাকিস্তান দেখতে চান — ভিন্ন ইতিহাস, ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন প্রকৃতি — তাদের জন্য কোয়েটা ও জিয়ারত এক অসাধারণ গন্তব্য।
বেলুচিস্তান পাকিস্তানের অন্যান্য পর্যটন অঞ্চলের মতো নয়। এখানে আসার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা অপরিহার্য।
হুনজা বা সকরদুর মতো বেলুচিস্তানে বিদেশি পর্যটকরা স্বাধীনভাবে ভ্রমণ করতে পারেন না। কোয়েটায় পৌঁছানোর আগেই পাকিস্তান সরকারের Ministry of Interior থেকে No Objection Certificate (NOC) নিতে হবে। এই প্রক্রিয়া সাধারণত ৪ থেকে ৮ সপ্তাহ সময় নেয় এবং একটি নিবন্ধিত ট্যুর অপারেটরের মাধ্যমে আবেদন করলে অনেক সহজ হয়। এছাড়াও প্রাদেশিক সরকার বিদেশি পর্যটকদের জন্য সশস্ত্র নিরাপত্তা এসকর্ট বাধ্যতামূলক করেছে — অর্থাৎ ভ্রমণের সময় সরকারি নিরাপত্তাকর্মী সাথে থাকবেন।
বেলুচিস্তান ভ্রমণের সবচেয়ে নিরাপদ ও ইফেক্টিফ ওয়ে হলো একটি নিবন্ধিত পাকিস্তানি ট্যুর অপারেটরের মাধ্যমে প্যাকেজ বুক করা। তারাই NOC প্রসেস করবে, এসকর্ট ব্যবস্থা করবে এবং পথের প্রতিটি চেকপোস্টে প্রয়োজনীয় সহায়তা দেবে। নিরাপত্তার কথা চিন্তা করলে আমরা বলবো ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে (solo/independent) ভ্রমণ এই অঞ্চলে একদমই উচিত হবে না।
পাকিস্তানের ই-ভিসা প্রক্রিয়া, ঢাকা থেকে ফ্লাইট রুট, কারেন্সি, সিম কার্ড এবং সাধারণ ভ্রমণ টিপস সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের মূল গাইড পড়ুন: [পাকিস্তান ট্রাভেল গাইড — বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ প্রস্তুতি]
প্রায় ১৪ বছর পর ২৯ জানুয়ারি ২০২৬ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট (BG341/BG342) চালু করেছে। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট (বৃহস্পতি ও শনিবার) চলছে এবং যাত্রায় প্রায় ৪ ঘণ্টা লাগে। ঢাকা থেকে কোয়েটায় কোনো সরাসরি ফ্লাইট নেই, তবে এই রুটে করাচি হয়ে যাওয়াই সবচেয়ে সহজ: করাচি থেকে কোয়েটায় অভ্যন্তরীণ ফ্লাইটে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট, অথবা কোচে ৯–১০ ঘণ্টা (নিচে বিস্তারিত)। ঢাকা–করাচি আর অভ্যন্তরীণ ফ্লাইট আলাদা টিকিটে কাটলে মাঝে যথেষ্ট সময় রাখুন; বিমানের ফ্লাইট করাচিতে রাতে পৌঁছায়, তাই প্রথম রাতটা করাচিতে থাকার পরিকল্পনা করাই ভালো।
ঢাকা থেকে সরাসরি কোয়েটার কোনো ফ্লাইট নেই। প্রথমে ইসলামাবাদ বা করাচি পৌঁছাতে হবে, তারপর সেখান থেকে কোয়েটা।
বিমানে: ইসলামাবাদ, করাচি ও লাহোর থেকে কোয়েটা বিমানবন্দরে (UET) PIA ও অন্যান্য এয়ারলাইনের নিয়মিত ফ্লাইট আছে। ইসলামাবাদ থেকে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট, করাচি থেকে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট।
বাসে: করাচি থেকে Daewoo বা লাক্সারি কোচে কোয়েটা যাওয়া যায়। সময় লাগে ৯ থেকে ১০ ঘণ্টা। লম্বা ভ্রমন কিন্তু সাশ্রয়ী।
ট্রেনে: করাচি, লাহোর ও পেশোয়ার থেকে ট্রেন সংযোগ আছে। সময় বেশি লাগলেও ভ্রমনটা দারুন।
কোয়েটা শহর থেকে জিয়ারতের দূরত্ব প্রায় ৯৯ কিলোমিটার, সময় লাগে দেড় থেকে ২ ঘণ্টা। প্রাইভেট ট্যাক্সি বা গাড়ি ভাড়া করে যাওয়াই সবচেয়ে সুবিধাজনক (PKR ৩,০০০–৬,০০০ ওয়ান ওয়ে)। শীতকালে তুষারপাতের সময় 4×4 জিপ নিয়ে যাওয়া নিরাপদ।
বাংলাদেশিদের জন্য সেরা সময়: মে–জুন এবং সেপ্টেম্বর–অক্টোবর — আবহাওয়া সবচেয়ে মনোরম এবং সব দর্শনীয় স্থান খোলা থাকে।
কোয়েটা শহর থেকে মাত্র ১৪ কিলোমিটার পূর্বে অবস্থিত এই ফিরোজা রঙের জলাধারটি শহরের সবচেয়ে জনপ্রিয় পিকনিক স্পট। রুক্ষ পাহাড়ে ঘেরা এই লেকে বোটিং করা যায় এবং মাঝখানে একটি ছোট দ্বীপে যাওয়ার জন্য কাঠের সেতু আছে। সন্ধ্যায় আলোকসজ্জিত ফোয়ারা এই লেককে আরও সুন্দর করে তোলে।
হান্না লেক পেরিয়ে আরেকটু গেলে পাওয়া যায় উরাক ভ্যালি। “বাগানের দেশ” নামে পরিচিত এই উপত্যকায় হাজার হাজার আপেল, পিচ, চেরি, আঙুর ও ডালিমের বাগান আছে। পথের দুই পাশে বুনো গোলাপের ঝাড় এই যাত্রাকে অসাধারণ করে তোলে। ফলের মৌসুমে (জুলাই-সেপ্টেম্বর) এখানে তাজা ফল কিনতে পাওয়া যায় অত্যন্ত কম দামে।
কোয়েটা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই জাতীয় উদ্যানটি মূলত পাকিস্তানের জাতীয় পশু বিপন্ন চিলতান মারখোর রক্ষার জন্য প্রতিষ্ঠিত। বন্যপ্রাণী প্রেমী ও হাইকারদের জন্য এটি আদর্শ গন্তব্য।
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লিয়াকাত বাজার হলো কোয়েটার সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্র। এখানে পাওয়া যায় ঐতিহ্যবাহী বালোচি এমব্রয়ডারি করা পোশাক, হস্তনির্মিত কার্পেট, রুপোর গহনা এবং পাকিস্তানের সেরা মানের শুকনো ফল ও বাদাম। সূরজ গঞ্জ বাজারে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দেখলে চোখ জুড়িয়ে যায়।
কোয়েটা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত পিশিন ভ্যালি একটি উর্বর ও সবুজ সমতলভূমি। এখানে স্থানীয় কৃষিসংস্কৃতি দেখার এবং গ্রামীণ বেলুচিস্তানের আসল রূপ অনুভব করার সুযোগ পাওয়া যায়।
জিয়ারতের সবচেয়ে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান এটি। এই সুন্দর কাঠের কটেজটি পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর জীবনের শেষ দিনগুলোর আবাসস্থল। সবুজ লন ও পাইন গাছের মাঝে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক ভবনটি এখন একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। পাকিস্তানের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামে আগ্রহীদের জন্য এটি অবশ্যদ্রষ্টব্য।
জিয়ারতের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ হলো এর হাজার বছরের পুরনো জুনিপার বন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই জুনিপার বনের কিছু গাছের বয়স ৫,০০০ থেকে ৭,০০০ বছর বলে ধারণা করা হয়। এই প্রাচীন বনের মধ্যে দিয়ে হাইকিং করার অনুভূতি এক কথায় অবর্ণনীয়। ভোরবেলায় কুয়াশায় ঢাকা এই বনের দৃশ্য যেন অন্য কোনো জগত থেকে এসেছে।
জিয়ারত শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে ২,৭১৩ মিটার উচ্চতায় অবস্থিত প্রসপেক্ট পয়েন্ট সমগ্র অঞ্চলের সেরা প্যানোরামিক ভিউপয়েন্ট। এখান থেকে নিচে কোশকি ভ্যালি এবং দূরে খিলাফত পাহাড়ের চূড়া (১১,৪০০ ফুট) দেখা যায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য অসাধারণ।
বেলুচিস্তান তার প্রাকৃতিক ঝর্ণা ও পাথর কেটে তৈরি গিরিখাতের (তানগি) জন্যও বিখ্যাত। সান্দেমান তানগি হলো একটি লুকানো গিরিখাত যেখানে প্রাকৃতিক ঝর্ণা ও ঝর্ণার ধারা পাথর ভেদ করে বয়ে চলে — ট্রেকারদের জন্য আদর্শ। এছাড়া ফারান তানগি ও চুতাইর তানগি পিকনিক স্পট হিসেবে জনপ্রিয়।
জারজারি হলো একটি পাহাড়ের ধারে অবস্থিত সুন্দর পিকনিক স্পট, যেখান থেকে জুনিপার বন ও আশেপাশের উপত্যকার বিস্তৃত দৃশ্য দেখা যায়। জিয়ারত থেকে ৮ কিলোমিটার দূরে বাবা খারওয়ারির মাজার এবং শহরের কাছেই নাউ গাজা বাবার মাজার স্থানীয় সংস্কৃতি বোঝার জন্য উল্লেখযোগ্য।
লাক্সারি (প্রতি রাত PKR ২৮,০০০–৩৪,০০০+): Quetta Serena Hotel কোয়েটার সেরা লাক্সারি হোটেল। সুইমিং পুল, টেনিস কোর্ট ও উচ্চমানের রেস্তোরাঁ সহ এটি শহরের প্রিমিয়াম ঠিকানা।
মিড-রেঞ্জ (প্রতি রাত PKR ২০,০০০–২৮,০০০): Best Western DHA Hanna Mall আধুনিক সুবিধাসহ মিড-রেঞ্জ বাজেটের জন্য ভালো বিকল্প।
বাজেট (প্রতি রাত PKR ৪,৫০০–৮,৫০০): Grand Hotel Quetta, White Hotel এবং Bloom Star Hotel পরিষ্কার ও পরিবারবান্ধব রুম অফার করে সাশ্রয়ী মূল্যে।
জিয়ারতের হোটেলগুলো বেশিরভাগ ইকো-ক্যাম্প বা কাঠের গেস্ট হাউস ধরনের — যা জুনিপার বনের সাথে মিশে থাকে। Shalimar Hotel, Ziarat Hotel এবং Misty Peak Resort এখানে জনপ্রিয় বিকল্প। প্রতি রাতের খরচ সাধারণত PKR ৪,০০০–১০,০০০ এর মধ্যে।
বেলুচিস্তানের রান্না পাকিস্তানের অন্যতম সেরা — সরল উপকরণে অসাধারণ স্বাদ।
দৈনিক খাবার খরচ বাজেটে PKR ১,৫০০–৩,০০০ এর মধ্যে রাখা সম্ভব।
কোয়েটার মূল আকর্ষণ দেখতে ২ দিন এবং জিয়ারত সহ মোট ৪ থেকে ৫ দিন যথেষ্ট। তবে আরামে সব জায়গা ঘুরতে চাইলে ৬–৭ দিনের পরিকল্পনা করুন।
বিদেশি পর্যটকদের জন্য স্বাধীন একক ভ্রমণ ব্যবহারিকভাবে সম্ভব নয়। NOC এবং বাধ্যতামূলক সশস্ত্র এসকর্টের কারণে লাইসেন্সধারী ট্যুর অপারেটরের মাধ্যমে যাওয়াই সঠিক পথ।
NOC পেতে কতদিন সময় লাগে? সাধারণত ৪ থেকে ৮ সপ্তাহ। ভ্রমণের কমপক্ষে ২ মাস আগে আবেদন প্রক্রিয়া শুরু করুন। নিবন্ধিত ট্যুর অপারেটরের মাধ্যমে আবেদন করলে প্রক্রিয়াটি অনেক সহজ হয়।
কোয়েটা-জিয়ারত সড়কটি সাধারণত ভালো পাকা রাস্তা। তবে শীতকালে তুষারপাতের পর পথ পিচ্ছিল হয়ে যায়, তখন 4×4 গাড়ি নেওয়া নিরাপদ।
বাংলাদেশের হাই কমিশন ইসলামাবাদে অবস্থিত। যেকোনো জরুরি পরিস্থিতিতে তাদের সাথে যোগাযোগ করুন — তাই ইসলামাবাদ হাই কমিশনের নম্বর ও ঠিকানা আগে থেকে সেভ করে রাখুন।
Leave a Comment