নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার পাহাড়ি সৌন্দর্যে ঘেরা একটি এলাকা হলো পাঁচগাও (Pachgaon)। কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নের ৩টি ইউনিয়নই পাহাড়ি সীমান্তবেষ্টিত এবং সেই সীমান্তগুলো যেন এক একটি নৈসর্গিক সৌন্দর্যের আধার। তেমনি একটি সীমান্তলগ্ন এলাকার নাম পাঁচগাও যা রংছাতি ইউনিয়নে অবস্থিত। অনেকে বলে এখান থেকে নাকি গারো পাহাড়ের শুরু। অন্যদিকে স্থানীয়রা একে পাঁচগাও এর টিলা বা কলমাকান্দার পাহাড় বলে চিনে। যদিও টিলা এলাকার আসল নাম কথিত চাঁদ সওদাগরের ডুবে যাওয়া নৌকার নাম ধরে চন্দ্রডিঙ্গা পাহাড়। স্থানীয়দের মতে, শত শত বছর পূর্বে চাঁদ সওদাগরের নৌকা ডুবেছিলো এখানে। তাই পাহাড়টি কিছুটা নৌ আকৃতির দেখতে। আর এ কারনেই এর নাম চন্দ্রডিঙ্গা বা চন্দ্রডিঙ্গি।
চারপাশে সমতল ভূমির মাঝখানে অবস্থিত এই টিলা। এই টিলার পাদদেশেই বাস করে হাজং ও গারো উপজাতীরা। টিলাগুলো অনেক সুন্দর একেবারে সবুজের সমারোহ বললেই চলে। এখানে একসময় বন্য হাতির দেখা পাওয়া যেতো যদিও এখন আর দেখা যায় না। তবে স্থানীয়দের ভাষ্যমতে ভারতের পাশে নাকি এখনও হাতির দেখা মেলে।ছোট বড় কিছু প্রাণী রয়েছে এই টিলা গুলোতে। এই টিলাগুলো গারো পাহাড়ের সাথে সংযক্তু।
পাঁচগাও গ্রামে পৌঁছে দেখে নিতে পারেন বিখ্যাত বটগাছ, চাইলে এর ছায়ায় বসে একটি জিরিয়ে নিতে পারেন। পাঁচগাও টিলায় চড়ার পরে দেখা মিলবে ছোট মাঝারি সাইজের বেশ কিছু মিনি ঝর্ণার, আছে ছোত ছোট কিছু ঝিরিপথ, ট্রেইল।এসব ঝিরিতে পা রাখা মাত্রই আপনার ক্লান্তি দূর হয়ে যেতে বাধ্য, এতো শীতল, নির্মল, আরামদায়ক একটা পরিবেশ।
একদিনের ট্যুরে গেলে পাহাড় আর সবুজ সমতলের এই ছোট্ট সুন্দর গ্রামটি আপনাকে নিরাশ করবে না। এর কাছেই আছে বিরিশিরি। আপনি চাইলে ২টা জয়গা আপনি খুব সহজেই একদিনে ভ্রমণ করতে পারবেন।
পাঁচগাও, কলমাকান্দা যাওয়ার উপায়
পাঁচগাও যেতে প্রথমে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরে পৌঁছাতে হবে। সেখান থেকে মোটরসাইকেল বা সিএনজিতে রংছাতি ইউনিয়নের পাঁচগাও, অর্থাৎ চন্দ্রডিঙ্গা পাহাড়-এর পাদদেশে যাওয়া যায়। নিচের ভাড়াগুলো সাম্প্রতিক ভ্রমণ গাইড থেকে নেওয়া আনুমানিক হিসাব; মৌসুম ও পরিবহনভেদে বদলাতে পারে, তাই কাউন্টারে নিশ্চিত হয়ে নিন।
ঢাকা থেকে সরাসরি কলমাকান্দা (রাতের বাস)
ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতি রাতে কলমাকান্দার উদ্দেশ্যে সরাসরি বাস ছাড়ে। সাধারণত ভোরের দিকে (প্রায় ৫টা–সাড়ে ৫টা) কলমাকান্দা পৌঁছায়। ভাড়া জনপ্রতি প্রায় ৪০০–৫০০ টাকা। ছাড়ার সময় ও পরিবহনের নাম আগে কাউন্টারে জেনে নিন।
কলমাকান্দা থেকে মোটরসাইকেল বা সিএনজি নিয়ে পাঁচগাও যাওয়া যায়। সারাদিনের জন্য চালকসহ মোটরসাইকেল নিলে প্রায় ১,২০০–১,৩০০ টাকা লাগতে পারে; দরদাম করে নিন।
ঢাকা থেকে নেত্রকোনা হয়ে
মহাখালী থেকে দিগন্ত, এনা সহ বিভিন্ন পরিবহনের বাসে নেত্রকোনা যাওয়া যায়; নন-এসি ভাড়া প্রায় ৪৫০ টাকা। নেত্রকোনা শহর থেকে কলমাকান্দা যেতে সিএনজিতে জনপ্রতি প্রায় ১২০–১৫০ টাকা, আর মোটরসাইকেলে দুইজন প্রায় ৩০০–৩৫০ টাকা লাগতে পারে। রেলস্টেশন থেকে নামলে অটোতে (প্রায় ৩০ টাকা) বা রিকশায় (প্রায় ৫০–৬০ টাকা) রাজুর বাজার গিয়ে কলমাকান্দার গাড়ি ধরতে পারেন।
ময়মনসিংহ হয়ে
ঢাকা থেকে ময়মনসিংহের বাস ভাড়া প্রায় ৩০০ টাকা (নন-এসি) থেকে ৫০০ টাকা (এসি)। ময়মনসিংহ থেকে নেত্রকোনা বাসে প্রায় ৮০–১০০ টাকা বা অটোতে প্রায় ১০০ টাকা। এরপর উপরের মতো নেত্রকোনা থেকে কলমাকান্দা।
ট্রেনে নেত্রকোনা
কমলাপুর থেকে হাওর এক্সপ্রেস (৭৭৭) সাধারণত রাত প্রায় ১০টা ১৫ মিনিটে ছেড়ে রাত প্রায় ২টা থেকে আড়াইটার মধ্যে নেত্রকোনা পৌঁছায়। সপ্তাহে একদিন বন্ধ থাকে, তাই বুকিংয়ের সময় নিশ্চিত হয়ে নিন। ভাড়া আনুমানিক শোভন প্রায় ১৮০–১৮৫ টাকা, শোভন চেয়ার প্রায় ২১৫–২২০ টাকা। হালনাগাদ সময় দেখুন ট্রেনের সময়সূচী পেজে, টিকেট কাটুন eticket.railway.gov.bd থেকে। নেত্রকোনা থেকে কলমাকান্দা উপরের মতোই।
কোথায় থাকবেন
পাঁচগাও সাধারণত একদিনের ট্যুরেই ঘুরে আসা যায়। তবে ভোরে পাহাড়ে পৌঁছাতে চাইলে আগের রাতে কলমাকান্দা বাজারের সাধারণ মানের আবাসিক হোটেলে থাকতে পারেন। একটু ভালো মানের জন্য নেত্রকোনা শহরে হোটেল সোনার তরী, জয়া ইন্টারন্যাশনাল, সুরমা সহ কিছু হোটেল আছে। ভাড়া ও রুম আগে ফোন করে নিশ্চিত হয়ে নিন।
কোথায় খাবেন
পাঁচগাওতে খাবারের ব্যবস্থা খুবই সীমিত, তাই শুকনো খাবার ও পর্যাপ্ত পানি সঙ্গে নিন। কলমাকান্দা বাজারে সাধারণ খাবার হোটেলে ভাত-মাছ-ভর্তা পাওয়া যায়। নেত্রকোনা শহরে গেলে বিখ্যাত বালিশ মিষ্টি চেখে দেখতে পারেন।
কিছু পরামর্শ ও সতর্কতা
- এলাকাটি সীমান্তঘেঁষা; ভোরে যাওয়াই ভালো। সকাল প্রায় সাড়ে ৬টা–৭টার পর বিজিবির টহল শুরু হলে পাহাড়ের খুব কাছে যাওয়া সীমিত হতে পারে।
- সীমান্ত পিলার অতিক্রম করা সম্পূর্ণ নিষিদ্ধ; স্থানীয় ও বিজিবির নির্দেশনা মেনে চলুন।
- পাহাড়ি পথ ও ঝিরিতে পাথর পিচ্ছিল থাকে; ভালো গ্রিপের জুতা পরুন, বর্ষায় বাড়তি সাবধান থাকুন।
- হাজং ও গারো জনগোষ্ঠীর বসতিতে ছবি তোলার আগে অনুমতি নিন।
- প্লাস্টিক ও ময়লা যেখানে-সেখানে ফেলবেন না, সঙ্গে করে ফিরিয়ে আনুন।
পাঁচগাও: আশেপাশে যা দেখবেন
পাঁচগাও ভ্রমণের সঙ্গে কলমাকান্দা ও দুর্গাপুরের অন্য গন্তব্যগুলোর পরিকল্পনা সময় ও যাতায়াত যাচাই করে করুন।
চন্দ্রডিঙ্গা পাহাড়
নৌকা আকৃতির সবুজ টিলা, পাঁচগাওয়েই
চীনামাটির পাহাড়, বিরিশিরি
বিজয়পুরের নীল-সবুজ পানির লেক
সোমেশ্বরী নদী
স্বচ্ছ পানি আর বালুচরের নদী
সাত শহীদের মাজার
মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
মহাখালী থেকে রাতের সরাসরি বাসে কলমাকান্দা, অথবা বাস/ট্রেনে নেত্রকোনা হয়ে সিএনজি বা মোটরসাইকেলে কলমাকান্দা। সেখান থেকে মোটরসাইকেল/সিএনজিতে পাঁচগাও।
আনুমানিক: ঢাকা–কলমাকান্দা সরাসরি বাস প্রায় ৪০০–৫০০ টাকা, ঢাকা–নেত্রকোনা বাস প্রায় ৪৫০ টাকা, হাওর এক্সপ্রেসে শোভন প্রায় ১৮০–১৮৫ ও শোভন চেয়ার প্রায় ২১৫–২২০ টাকা। ভাড়া বদলাতে পারে, যাওয়ার আগে নিশ্চিত হোন। ট্রেনের সময়সূচি: https://adarbepari.com/train-schedule
ভোরে পৌঁছানো ভালো; সকাল প্রায় সাড়ে ৬টা–৭টার পর বিজিবি টহল শুরু হলে পাহাড়ের কাছে যাওয়া সীমিত হতে পারে। সীমান্ত পিলার অতিক্রম করবেন না।
সাধারণত একদিনেই ঘোরা যায়। রাতে থাকতে চাইলে কলমাকান্দা বাজারের আবাসিক হোটেল বা নেত্রকোনা শহরের হোটেল (সোনার তরী, জয়া ইন্টারন্যাশনাল, সুরমা ইত্যাদি); আগে ফোনে নিশ্চিত হোন।
হ্যাঁ, ভোরে পাঁচগাও দেখে দুপুরের পর দুর্গাপুরের বিরিশিরি, চীনামাটির পাহাড় ও সোমেশ্বরী নদী একদিনে ঘুরে আসা সম্ভব, তবে সময় হাতে রেখে পরিকল্পনা করুন।
আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক, এটাই হোক আমাদের সকলের চাওয়া।