চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত লালমাটিয়া পাহাড় যা লোকমুখে মিনি কাশ্মীর (Mini Kashmir) নামে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এই মিনি কাশ্মীর বর্তমানে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য। সবুজে ঘেরা পাহাড়, আঁকাবাঁকা সুন্দর পাহাড়ি রাস্তা এবং মেঘ-পাহাড়ের মিতালী এই জায়গাকে এক অসাধারণ রূপ দিয়েছে। ডে-ট্যুর বা একদিনের ভ্রমণের জন্য এটি চমৎকার একটি জায়গা।
অবস্থান: পূর্ব চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম।
মিনি কাশ্মীর কি দেখবেন?
- সবুজ পাহাড় ও উপত্যকা: চারপাশের চোখ জুড়ানো সবুজ পাহাড় ও বিস্তীর্ণ শান্ত পরিবেশ।
- আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা: মেঠো ও পাহাড়ি বাঁকানো পথ, যা ছবি ও ভিডিও বা ড্রোন শটের জন্য উপযুক্ত।
- ভিউ পয়েন্ট: পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে পাখির চোখে দেখার মতো মনোরম দৃশ্য।
- সূর্যাস্ত: বিকেলে পাহাড়ে সূর্যাস্তের দৃশ্য দারুণ লাগে।
মিনি কাশ্মীর যাওয়ার উপায়
আপনি ঢাকা বা দেশের যে প্রান্ত থেকেই আসুন না কেন, প্রথমে আপনাকে চট্টগ্রাম শহরে পৌঁছাতে হবে। ঢাকা থেকে বাসে চট্টগ্রাম পৌছাতে আপনাকে গুন্তে হবে ৬০০-১২০০ টাকা পর্যন্ত। এছাড়া আপনি চাইলে ট্রেনে চেপেও চট্টগ্রম পৌছাতে পারেন। আর বাজেট ট্যুর দিতে চাইলে ঢাকা থেকে মালবাহী ট্রেনে চড়ে বসতে পারেন, ভাড়া পড়বে ১৪০-১৬০ টাকার মতো। মালবাহী ট্রেনে যেতে চাইলে ১-১.৩০ ঘন্টা পূর্বে ট্রেনে উঠে সিট নিয়ে নিবেন, নইলে দাঁড়িয়ে যেতে হবে। চট্টগ্রাম শহরের বদ্দারহাট অথবা নতুন ব্রীজ থেকে বাঁশখালী সুপার সার্ভিস ও এস আলমের বাস ছেড়ে যায়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে জনপ্রতি ১৫ টাকা দিয়ে লোকাল সিএনজিতে পৌঁছে যান চট্টগ্রাম নতুন ব্রিজ বা আমানত শাহ সেতু বাস স্ট্যান্ডে। এখান থেকে বাশখালীর বাস পাবেন, ভাড়া পড়বে ১০০ টাকা। এই বাস আপনাকে বাশখালীর চাঁদপুর বাজার নামিয়ে দিবে। এখান থেকে আপনারা সিএনজি, অটো ভাড়া করে নিতে পারবেন। এখান থেকে যানবাহন রিজার্ভ করে নিতে পারেন সারাদিনের জন্যে। রিজার্ভ করার সময় বলে নিবেন কোন কোন জায়গায় যাবেন। যেমন একদিনের প্যাকেজে বলে নিতে পারেন – বেলগাও চা বাগান, বাশখালী ইকো পার্ক, মিনি কাশ্মীর, বাশখালী সী বীচ একদিনে সহজেই কভার করতে পারা যায়, ভাড়া পড়বে ১২০০-১৫০০ টাকা।
যারা শুধু মিনি কাশ্মীর যেতে চান তারা বাসে উঠে সুপারভাইজারকে বলবেন চাম্বল বাজার নামাতে। চাম্বল বাজার নেমে রাস্তার পূর্ব পাশে সিএনজি বা অটোরিক্সা পাবেন। অটোরিক্সার সাথে দরদাম করে চাম্বল লালমাটিয়া পাহাড়ের নিচ পর্যন্ত নিয়ে নিবেন। অটোরিক্সা আপনাকে একেবারে পাহাড়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। সেখান থেকে মাত্র দশ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন মিনি কাশ্মীর তথা লালমাটিয়া পাহাড়ে।
ফেরার সময় একই উপায়ে মিনি কাশ্মীর থেকে অটো করে চাম্বল বাজার এবং সেখান থেকে বাসে করে আবার চট্টগ্রাম শহর ফিরে আসতে পারবেন।
আনুমানিক খরচ
- চট্টগ্রাম শহর থেকে ডে-ট্যুর: আসা-যাওয়া বাস ও অটো ভাড়া এবং দুপুরের খাবার মিলিয়ে জনপ্রতি ৪০০–৬০০ টাকা।
- ঢাকা থেকে গেলে:
- ঢাকা ⇄ চট্টগ্রাম বাস ভাড়া: ৬৫০–১২০০ টাকা (নন-এসি/এসি)।
- চট্টগ্রাম ⇄ বাঁশখালী স্থানীয় যাতায়াত: ৪০০–৫০০ টাকা।
- খাবার ও অন্যান্য: ৩০০–৫০০ টাকা।
- মোট খরচ: আনুমানিক ১৫০০–২৫০০ টাকা।
ভ্রমণের সেরা সময়
- বর্ষাকাল ও বর্ষাপরবর্তী সময় (জুলাই থেকে নভেম্বর): এ সময় পাহাড়ের আসল রূপ দেখা যায়। চারপাশ সতেজ সবুজ থাকে এবং পাহাড়ে মেঘ ও কুয়াশার চমৎকার পরিবেশ তৈরি হয়।
- শীতকাল: শীতকালে আবহাওয়া মনোরম ও আরামদায়ক থাকে, তবে পাহাড়ে সবুজের পরিমাণ বর্ষার চেয়ে কিছুটা কম হতে পারে।
প্রয়োজনীয় ভ্রমণ টিপস
- আরামদায়ক জুতো: পাহাড়ি রাস্তায় কিছুটা হাঁটাহাঁটি করতে হবে, তাই গ্রিপ ভালো এমন স্নিকার্স বা ট্রেকিং শু পরে যাওয়া ভালো।
- খাবার ও পানি: পাহাড়ে ওঠার আগে নিচ থেকেই পর্যাপ্ত পানীয় জল ও হালকা শুকনো খাবার (বিস্কুট, চকোলেট ইত্যাদি) সঙ্গে নিয়ে নিন।
- ফেরার পরিবহন নিশ্চিত করা: জায়গাটি কিছুটা নির্জন হতে পারে। তাই যাওয়ার সময় যে সিএনজি বা অটোতে যাবেন, চালকের ফোন নম্বর রেখে দেওয়া বা তাকে ফেরার জন্য অপেক্ষা করতে বলা ভালো।
- দলগত ভ্রমণ: একা না গিয়ে ৪-৫ জনের ফ্রেন্ডস গ্রুপ বা পরিবার নিয়ে যাওয়া বেশি নিরাপদ ও আনন্দদায়ক।
- পরিবেশ পরিচ্ছন্ন রাখুন: প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট বা ময়লা যেখানে-সেখানে না ফেলে সাথে করে নিয়ে আসুন।
সকলের প্রতি অনুরোধ, এই বর্ষায় এডভেঞ্চার এর নেশায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ থেকে বিরত থাকবেন। মনে রাখবেন, জীবন একটাই, আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই আমাদের সবার ভ্রমণ নিরাপদ হোক এটাই হোক আমাদের সকলের চাওয়া।